
সুস্থ থাকতে এবং জীবাণুর সংক্রমণ প্রতিরোধে খাবার আগে ও শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে দুই হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। এ অভ্যাস নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের অন্যদের মধ্যেও ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) নেত্রকোণা কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় এ বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
এবারের প্রতিপাদ্য ‘Be a Hand Washing Hero’—‘হাত ধোয়ার নায়ক হোন’। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নেত্রকোণার আয়োজনে এবং নিউট্রিশন স্মার্ট কমিউনিটি প্রজেক্ট ও ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)-এর সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরে স্বাস্থ্যসম্মত জীবনযাপনে নিয়মিত সাবান দিয়ে হাত পরিষ্কারের অভ্যাস গড়ে তোলার বার্তা দেওয়া হয়। বিশেষ করে খাবার গ্রহণের আগে ও শৌচাগার ব্যবহারের পর হাত ধোয়ার বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত অঙ্গীকারে বলা হয়, ‘আমি অঙ্গীকার করছি যে, খাবার আগে ও শৌচাগার ব্যবহার করার পর সাবান দিয়ে ভালোভাবে দুই হাত পরিষ্কার করব এবং এই অভ্যাসটি পালন করতে অন্যদের উৎসাহিত করব।’
অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের প্রাক্কলনিক মো. শরীফ ইমতিয়াজ, নেত্রকোণা সদর উপজেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আকাশ বসাক এবং উচ্চমান সহকারী সুবর্ণা সাহা উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব জামানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিকভাবে হাত ধোয়া বিভিন্ন সংক্রমণ প্রতিরোধের সহজ ও কার্যকর উপায়। তাই ব্যক্তিগত পরিচ্ছন্নতার এ অভ্যাস নিয়মিত চর্চার পাশাপাশি শিশুদের মধ্যেও ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।