
সারাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। বিশেষ করে রাজশাহী ও খুলনা বিভাগে সূর্যের দাপট সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। তবে মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। তাই হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে দিনের বেলা কড়া রোদের মধ্যে বেশি সময় না থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
সোমবার (২০ এপ্রিল) এক ফেসবুক পোস্টে বিডব্লিউওটি জানায়, মঙ্গলবার থেকে ২৫ বা ২৬ এপ্রিল পর্যন্ত খুলনা রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের বেশকিছু জেলায় তা মৃদুর পাশাপাশি মাঝারি ধরনের তাপপ্রবাহে রূপ নিতে পারে।
পোস্টে আরও জানানো হয়, বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা, পটুয়াখালী বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, রাঙামাটি, খাগড়াছড়ি ও এর আশপাশের কিছু স্থানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ৩৬ ডিগ্রি- ৩৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এ সময় খুলনা ও রাজশাহী বিভাগের দু-একটি জেলায় কিছু সময়ের জন্য তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে উঠতে পারে।
তাই হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে দিনের বেলা কড়া রোদের মধ্যে বেশি সময় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত ঘরে বা তুলনামূলক ঠান্ডা স্থানে থাকার পরামর্শ দিয়েছে বিডব্লিউওটি।