
বগুড়ার শিবগঞ্জে আনসার সদস্য ও নৈশপ্রহরীর হাত-পা বেঁধে ব্যাংকে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে শিবগঞ্জ বন্দরে সোনালি ব্যাংকে এ ঘটনা ঘটে। এসময় আনসার ও নৈশপ্রহরীর মোবাইল ও টাকা ছিনতাই করেন তারা। এ বিষয়ে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত শিবগঞ্জ থানায় কোনো মামলা দায়ের হয়নি।
সোনালী ব্যাংক শিবগঞ্জ শাখার ব্যবস্থাপক শাহাদত হোসেন সিরাজী জানান, সোমবার রাতে ঝড়বৃষ্টির মধ্যে এলাকায় বিদ্যুৎ না থাকায় ৮ থেকে ১০ জনের মুখোশধারী সংঘবদ্ধ ডাকাতদল প্রথমে ব্যাংকের নৈশপ্রহরী আব্দুর রহমানের হাত-পা, মুখ বেঁধে পার্শ্ববর্তী বিআরডিসি অফিস চত্বরে বেঁধে রাখে।
পরে তারা সোনালী ব্যাংকের প্রধান দুটি দরজার তালা ভেঙে দ্বিতীয় তলায় প্রবেশ করে। এরপর ব্যাংকের দায়িত্বে থাকা আনসার সদস্য নয়ন হোসেন ও ফরহাদ হোসেনের হাত-পা ও মুখ বেঁধে ব্যাংকের ভোল্ট রুমে প্রবেশ করতে গেলে ব্যর্থ হয়। পরে তারা আনসার সদস্যের মোবাইল ও তাদের কাছে থাকা ২ হাজার ৫০০ টাকা নিয়ে পালিয়ে যায় বলে জানান তিনি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, তিন থেকে চারজনের একটি দল ব্যাংকে প্রবেশের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এ ঘটনায় ব্যাংকের কোনো টাকা ডাকাত দল নিয়ে যেতে পারেনি।