
ঈশ্বরদী রেল ক্রসিং পারাপারের সময় মালবাহী দুই ট্রেনের সংঘর্ষে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাণহানি বা কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সরেজমিনে দেখা যায়, একটি ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে আছে।
ট্রেনের চাকা ভেঙে রেল লাইনের ওপর পড়ে আছে। ঈশ্বরদী-বানেশ্বর মহাসড়কের মধ্যবর্তী ঈশ্বরদী শহরের রেল গেটটি বন্ধ রয়েছে এ দুর্ঘটনার কারণে। ফলে রেলগেটের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, ঘটনার সময় একটি মালবাহী ট্রেন ঈশ্বরদী স্টেশনে ইঞ্জিন পরিবর্তন করছিল।
এ সময় পারবর্তীপুর থেকে খুলনার উদ্দেশে অপর একটি মালবাহী ট্রেন ঈশ্বরদী স্টেশন অতিক্রম করার সময় মালবাহী ট্রেন দুটির মধ্যে সংঘর্ষ হয়।
ট্রেন
ঘটনার পরপরই ঈশ্বরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ কুমার দাস, সহকারী কমিশনার (ভূমি) টি এম রাহসান কবীর ও ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, রেলওয়ের পাকশী বিভাগীয় কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সূফী নুর মোহাম্মদ জানান, ঈশ্বরদী লোকোমোটিভ থেকে উদ্ধারকারী ট্রেন ইতিমধ্যেই রওনা দিয়েছে। আমরা প্রাথমিকভাবে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করব।
কিছু রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো ৩-৪ ঘণ্টার মধ্যে মেরামত হয়ে যাবে।
তিনি আরো জানান, আপাতত খুলনা থেকে ঈশ্বরদী পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ। অন্যান্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ডিআরএম আরো জানান, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি করে তদন্ত করা হবে। তখন বিস্তারিতভাবে জানা যাবে।
তবে প্রাথমিকভাবে আমরা স্টেশন মাস্টার, পারবর্তীপুর থেকে খুলনাগামী ট্রেনের চালক ও সহকারী চালককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।