
আমি ঘরে ঘরে ফেরি করি
তোমাদের যার যা কিছু চাই
আমার আছে অফুরান সময়
দেখি এটাই তোমাদের নাই।
যা কিছু বিনিময় অযোগ্য
দূর আকাশের নক্ষত্ররাজি
আমি জিতে নিয়েছিলাম
বিধাতার সাথে ধরে বাজি।
ব্যাংকে জমা রাখতে পারি
যদি চড়া সুদ কোথাও পাই
তা না হলে হেফাজতে আছে
বেহাত হওয়ার ভয় নাই।
আমার কাছে যা কিছু আছে
মনে হয় তোমাদের প্রয়োজন
শুধু মুখ ফুটে চাইতে পারলেই
করবো হস্তান্তরের আয়োজন।
অহেতুক ভয় পেয়ো না তোমরা
বিনিময়ে কিছুই চাওয়ার নেই
আমার দখলে রয়েছে অঢেল
দিয়ে দেবো একবার চাইলেই।