
স্ত্রীর হাত-পা বেঁধে রেখে তার সামনে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন স্বামী। নিহত ব্যক্তির নাম আহাদ আলী (৩০)। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ঘাটাইল পৌরসভার খরাবর এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন আহাদের বাসার মালিকের স্ত্রী মালা খাতুন ও ওই এলাকার স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত আহাদ আলী আরএফএল কম্পানিতে চাকরি করতেন। তার বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ইউনুছ আলীর ছেলে। চাকরির সুবাদে ঘাটাইল পৌরসভার খরাবর এলকায় আব্দুল আলীমের বাসায় স্ত্রী মিলি খাতুনকে (২০) নিয়ে ভাড়া থাকতেন। তাদের সংসারে আড়াই মাসের একটি পুত্র সন্তান রয়েছে।
আহাদ যে বাসায় ভাড়া থাকতেন তার পাশের কক্ষের ভাড়াটিয়া মোহনা খাতুন ও স্থানীয়রা জানান, তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। শুক্রবার দুপুরে আহাদ ও তার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। পরে আহাদের স্ত্রী পাশের একটি বাসায় চলে যায়। সেখান থেকে পাশের বাসার এক ভাই তার স্ত্রীকে নিয়ে এসে বাসায় দিয়ে যায়।
পরে ঘরের দরজা বন্ধ করে আহাদ তার স্ত্রী মিলি খাতুনের হাত-পা চেয়ারের সঙ্গে বেঁধে তার সামনে সিলিং ফ্যানের সঙ্গে রশি ঝুলিয়ে গলায় ফাঁস দেয়।
এ অবস্থায় স্ত্রী মিলির চিৎকারে বাসার মালিকের স্ত্রী মালা খাতুনসহ আশেপাশের লোকজন এগিয়ে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পায়। পরে স্থানীয়রা শাবল দিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে আহাদকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তার পাশেই তার স্ত্রীর হাত-পা ও মাজায় রশি দিয়ে চেয়ারের সঙ্গে বাঁধা অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে।
আহাদকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, অনেক আগেই তার মৃত্যু হয়েছে।
ঘাটাইল থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, আমরা আহাদের লাশ এবং তার স্ত্রীকে হাসপাতালে পেয়েছি। লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। কি ঘটনা ঘটেছিল তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর জানা যাবে।