
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আরো একটি নির্মাণ ত্রুটি ধরা পড়েছে। গতকাল শনিবার রাতে একটি ট্রেন যাওয়ার সময় প্ল্যাটফরমে ঘষা লাগলে ত্রুটিটি ধরা পড়ে। ট্রেনের সঙ্গে মিল না রেখে প্ল্যাটফরমের উচ্চতা করায় এ সমস্যা হয়েছে। এতে ঝাঁকুনি খেয়ে ট্রেন থেমে গেলেও বড় ধরনের কোনো সমস্যা হয়নি।
একাধিক সূত্র জানায়, রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রাম অভিমুখী একটি কনটেইনার ট্রেন আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের দুই নম্বর প্ল্যাটফরমের পাঁচ নম্বর লাইনে ঢোকে। প্ল্যাটফরমের কিছু অংশ যাওয়ার পরই ট্রেনটি এতে ঘষা খায়। একপর্যায়ে ট্রেনটি ঝাঁকুনি খেয়ে থেমে যায়। পরে ট্রেনটিকে পেছনে নিয়ে অন্য লাইনে পার করা হয়।
কেবিন স্টেশন মাস্টার মো. খায়রুল ইসলাম জানান, ‘কনটেইনার ট্রেনটির সঙ্গে প্ল্যাটফরমের উচ্চতার মিল না থাকায় এটি লেগে যায়। তবে এতে তেমন কোনো সমস্যা হয়নি। ট্রেনটিকে পরে অন্য লাইন দিয়ে চালানো হয়েছে।’
উল্লেখ্য, আখাউড়া রেলওয়ে জংশনে চলমান উন্নয়ন কাজে প্রতিবন্ধীসহ বৃদ্ধদের জন্য আলাদা সিঁড়ি না থাকাসহ বেশ কিছু নির্মাণ ত্রুটি চোখে পড়ে।
এ নিয়ে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ রয়েছে।