
রাজধানীর ওয়ারী থানার সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণে একই পরিবারের তিনজন আহত হয়েছেন।
আহতরা হলেন- মাকসুদা আক্তার (৫৫) তার স্বামী আবুল বাশার (৬৫) ও তাদের ছেলে মাহবুব (২০)। তারা থাকেন গেন্ডারিয়া ধুপখোলা এলাকায়।
রবিবার (১৯ নভেম্বর) রাতে ঘটনাটি ঘটে।
রাত ১১টার দিকে তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
আহতদের মধ্যে মাকসুদা বাসাবাড়িতে কাজ করেন- তার স্বামী আবুল বাশার ফুটপাতে ফলের ব্যবসা করেন, ছেলে মুদি দোকানে কাজ করেন।
আবুল বাশার জানিয়েছেন, তারা সংবাদ পেয়েছেন তাদের ছেলেকে পুলিশ থানায় নিয়ে গেছে, এমন সংবাদ শুনে থানার সামনে যান তারা। সেখানে পুলিশের সঙ্গে কথা হয় তাদের।
ছেলেকে নিয়ে ফেরার সময়ে রাস্তার পাশে হঠাৎ একটি বিস্ফোরণের শব্দ হয়। কিছু সময় পর দেখতে পাই আমরা আহত হয়েছি।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, আহতরা ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।