
ঢাকা থেকে খুলনার পথে চলাচলকারী ‘সুন্দরবন এক্সপ্রেস’ এবং ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোলে চলাচলকারী ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনের রুট পরিবর্তন হচ্ছে। পদ্মা সেতু দিয়ে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হলে এই দুটি ট্রেন বিদ্যমান পথে আর চলবে না। এ ছাড়া রাজশাহী থেকে ফরিদপুরের গোয়ালন্দ ঘাট পর্যন্ত চলাচলকারী মধুমতী এক্সপ্রেস ট্রেনও ঢাকায় আসবে।
ঢাকার কমলাপুর থেকে পদ্মা সেতু ব্যবহার করে ফরিদপুরের ভাঙ্গা হয়ে খুলনা, বেনাপোল ও রাজশাহী পৌঁছাবে এসব ট্রেন।
সেই সঙ্গে আগের চেয়ে ট্রেনের ভাড়া বাড়ছে। নতুন পথে চলাচল শুরু হলে নতুন ভাড়া কার্যকর হবে।
পদ্মা দিয়ে চলাচল করবে এমন তিনটি ট্রেনের ভাড়া সোমবার (৯ অক্টোবর) চূড়ান্ত করা হয়। ভাড়া নির্ধারণ করার জন্য গঠিত কমিটি কালের কণ্ঠকে নতুন ভাড়া সম্পর্কিত তথ্য নিশ্চিত করেছে।
সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে শীতাতপ নিয়ন্ত্রিত (এ/সি) সিটের ভাড়া বর্তমানে এক হাজার ১৫৬ টাকা থেকে বেড়ে হয়েছে এক হাজার ২২৫ টাকা। স্নিগ্ধা আসনের বর্তমান ভাড়া ৯৬৬ টাকা। এই ভাড়া বেড়ে হয়েছে এক হাজার ২০ টাকা। আর শোভন চেয়ারের ভাড়া ৫০৫ টাকা থেকে বেড়ে ৬১৫ টাকা করা হয়েছে।
সুন্দরবন এক্সপ্রেসে মোট সাত শ্রেণিতে ভাড়া নির্ধারণ করা হয়েছে। ঢাকা থেকে খুলনার দৌলতপুর পর্যন্ত শোভন শ্রেণির ভাড়া ৫১০ টাকা। এ ছাড়া প্রথম শ্রেণির আসন ৮১৫ টাকা, প্রথম শ্রেণির বার্থ এক হাজার ২২৫ টাকা, এসি বার্থ এক হাজার ৮৩৫ টাকা।
বেনাপোল এক্সপ্রেসে এসি বার্থের বর্তমান ভাড়া এক হাজার ৬৭৪ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে এক হাজার ৭৭০ টাকা। স্নিগ্ধা শ্রেণির ভাড়া ৯৩২ টাকা থেকে বাড়িয়ে ৯৮৫ টাকা করা হয়েছে।
শোভন চেয়ারের ভাড়া ৪৮৫ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৫৯০ টাকা। এ ছাড়া শোভনের ভাড়া ৪১৫ টাকা, প্রথম শ্রেণি আসন ৭৯০ টাকা, প্রথম শ্রেণি বার্থ এক হাজার ১৮০ টাকা এবং এসি আসনের ভাড়া এক হাজার ১৮০ করা হয়েছে।
মধুমতী এক্সপ্রেসে ঢাকা থেকে ঝিকরগাছা পর্যন্ত শোভন ৪৮৫ টাকা, শোভন চেয়ার ৫৮০ টাকা, প্রথম শ্রেণি ৭৭০ টাকা, প্রথম শ্রেণি বার্থ এক হাজার ১৫৫ টাকা, স্নিগ্ধা ৯৬৫ টাকা, এসি আসন এক হাজার ১৫৫ ও এসি বার্থের ভাড়া এক হাজার ৭৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।