
গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার ঘটনায় দুদকের মুখোমুখি হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
গতকাল বৃহস্পতিবার সকালে দুদক কার্যালয়ে হাজির হন ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তার সাথে ছিলেন আইনজীবীরা। সকাল ৯টা ৩৭ মিনিট থেকে ১০টা ৫৮ মিনিট পর্যন্ত তাকে দুদকের পরিচালক বেনজির আহমেদের নেতৃত্ব একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করে।
জিজ্ঞাসাবাদ শেষে দুদক কার্যালয় থেকে বের হওয়ার পর ড. মুহাম্মদ ইউনূসকে সাংবাদিকরা কিছু প্রশ্ন করেন। কিন্তু তিনি কোনো উত্তর দেননি। তবে বলেছেন, আমি কোনো অপরাধ করিনি, শঙ্কিত হবো কেন? আমাকে ডেকেছে তাই এসেছি। অভিযোগের বিষয়ে আমার কিছু বলার নেই। এটা আইনি বিষয়, আমার আইনজীবী বলবেন। পরে তার আইনজীবী আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় তার সাথে ছিলেন অপর আইনজীবী খাজা তানভির আহমেদ।
দুদকে জিজ্ঞাসাবাদ শেষে, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. ইউনূসের আইনজীবী আব্দল্লাহ আল মামুন বলেন, শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের মামলা মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক অভিযোগের ভিত্তিতে করা।
এ দিকে ড. মুহাম্মদ ইউনূসকে জিজ্ঞাসাবাদের বিষয়ে দুদক সচিব মো: মাহবুব হোসেন বলেন, দুর্নীতি দমন কমিশন আইন এবং বিধি অনুসারে কাজ করে, এখানে ব্যক্তিপরিচয় দেখার সুযোগ নেই। তিনি বলেন, যখন কারো বিরুদ্ধে অভিযোগ থাকে, যার বিরুদ্ধে অভিযোগ থাকে তার অবস্থান তিনি যেন পরিষ্কার করতে পারেন, সে জন্য তাকে ডাকা হয়।
ড. ইউনূসকে নিয়ে আপনারা কোনো চাপে আছেন কি না এমন প্রশ্নে সচিব বলেন, দুর্নীতি দমন কমিশন আইন এবং বিধি অনুসারে কাজ করে। এখানে ব্যক্তিপরিচয় দেখার সুযোগ নেই।
আইনজীবীর বক্তব্য অনুসারে এটি শ্রম আদালতের ফৌজদারি অংশ, দুদক কী কারো ইশারায় কাজ করছে? প্রশ্নের উত্তরে সচিব মো: মাহবুব হোসেন বলেন, কলকারখানা প্রতিষ্ঠান অধিদফতর প্রাথমিকভাবে এই অভিযোগের সত্যতা পেয়েছে, এটি আমাদের তফসিলভুক্ত। তদন্ত শেষ হওয়ার আগে এই বিষয়ে বাড়তি কমেন্ট করার সুযোগ নেই।
অভিযোগ ভিত্তিহীন কি না এমন এক প্রশ্নের জবাবে দুদক সচিব বলেন, অভিযোগটি দুদক করেনি। গ্রামীণ টেলিকম কর্মচারীদের পাওনার যে বিষয়টি ছিল, তারা যেটি পাননি সেই মর্মে তারা অভিযোগ করেছেন। কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের কাছে আপত্তি করে অভিযোগ করেন। কলকারখানা পরিদর্শন পরিদফতর সত্যতা পাওয়ার পর এটি দুর্নীতি দমন কমিশনের কাছে প্রেরণ করে। দুদকের তফসিলভুক্ত হওয়ায় তদন্ত চলছে। এখানে আইনগতভাবে হয়রানির কোনো সুযোগ নেই। প্রাথমিকভাবে কলকারখানা প্রতিষ্ঠান অধিদফতর এই অভিযোগের সত্যতা পেয়েছে। তার পরিপ্রেক্ষিতে অভিযোগটা এখানে এসেছে। দুর্নীতি দমন কমিশন পরবর্তী অনুসন্ধান শেষে মামলাটি হয়েছে।
ইউনূসের দাবি সম্পর্কে জানতে চাইলে মাহবুব হোসেন বলেন, বিষয়টিতে যেন ভুক্তভোগীরা ন্যায়বিচার পান সে জন্য আমাদের তদন্তকারী কর্মকর্তা চিঠি দিয়ে তাদেরকে তলব করেছেন। ওনারা ওনাদের সম্পৃক্ততার বিষয়টি ওনাদের মতো করে বলেন। আমাদের তদন্তকারী কর্মকর্তা বিস্তারিত তথ্য সংগ্রহ করবেন। শেষপর্যায়ে প্রতিবেদন দেবেন। প্রতিবেদন পাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। মামলা হওয়ার পর একজন তদন্তকারী কর্মকর্তা কার্যবিধি সম্পন্ন করেন। তদন্ত শেষ না হওয়ার আগে এটি আমাদের কোনোভাবেই জানার সুযোগ নেই।
যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা জামিনে আছেন কি না জানতে চাইলে তিনি বলেন, আমি যতদূর জানি একজন আদালতে গিয়ে জামিন পেয়েছেন। অন্যরা জামিনে আছেন কি নেই এই মুহূর্তে হালনাগাদ তথ্যটি আমার কাছে নেই।
গ্রেফতারের বিষয়ে সচিব বলেন, দুদকে মামলা হওয়ার পরে গ্রেফতার কখন কিভাবে হবে, সেটি আইনে আছে। যার বিরুদ্ধে মামলা করা হয়েছে তিনি যদি সাক্ষ্য প্রমাণ বা আলামত নষ্ট করার উদ্যোগ নিয়ে থাকেন এবং দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তাহলে তদন্তকারী কর্মকর্তা আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন।
ড. মুহাম্মদ ইউনূস বা তার সহযোগীদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেবেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, তদন্ত কর্মকর্তা যদি মনে করেন আদালতের মাধ্যমে বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা দিয়ে থাকেন, প্রয়োজন হলে তদন্তকারী কর্মকর্তা আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন।
এ দিকে শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের মামলা মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক অভিযোগের ভিত্তিতে করা বলে দাবি করেছেন ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন।
গতকাল দুদকের প্রধান কার্যালয়ে সকাল ১০টা ৩৭ মিনিট থেকে ১০টা ৫৮ মিনিট পর্যন্ত ড. ইউনূসকে সংস্থাটির উপ পরিচালক গুলশান আনোয়ারের নেতৃত্বে একটি টিম জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ শেষে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে এমন দাবি করেন।
আব্দুল্লাহ আল মামুন বলেন, ড. ইউনূসের বিরুদ্ধে একটা মামলা করেছে দুদক। যেখানে বলা হয়েছে- শ্রমিকদের ৪৩৭ কোটি টাকা দেয়া হয়নি। এর ভেতরে শ্রমিকরা তাদের অগ্রিম হিসেবে ২৬ কোটি টাকা দাবি করেছেন। শ্রমিকরা বলেছেন, ২০১৭ সালে আমরা মামলা করেছি। আইনজীবী কোনো ফি নেননি, বলেছেন মামলায় জিতলে আমাদের ৬ শতাংশ যারা পাবেন তাদের অংশ তারা পাবেন। এই শ্রমিকদের ফি তারা অ্যাডভান্স দাবি করেছে। কারণ হাইকোর্টের অনুমোদনে, নির্দেশে আমরা এই সমঝোতাচুক্তির মাধ্যমে তাদের ৪৩৭ কোটি টাকা দিতে সম্মত হয়েছি। ট্রেড ইউনিয়ন বলছে- আমাদের টাকাটা অ্যাডভান্স দিতে হবে, না হলে আমাদের আইনজীবী কাজ করবে না। জিজ্ঞাসাবাদে ড. ইউনূস সাহেব বললেন এটা তো দুই পক্ষের সমঝোতা। টাকা দেয়া হয়েছে, শ্রমিকের সেটেলমেন্ট অ্যাগ্রিমেন্ট অনুযায়ী, যেটা হাইকোর্ট অনুমোদন করেছেন। সুতরাং জালিয়াতি হতে পারে না।
তিনি বলেন, শ্রমিকের প্রাপ্য টাকা দেয়া হয়েছে। এটা জালিয়াতি হতে পারে না। হাইকোর্ট নির্ধারণ করেছেন। আমাদের কোম্পানির পক্ষ থেকে সেটি দিয়ে দিয়েছি। এখানে জালিয়াতির কোনো প্রশ্ন নেই। কারণ ৪৩৭ কোটি টাকা হাইকোর্টের আদেশ মোতাবেক শ্রমিকের টাকা হয়ে গেছে। শ্রমিকদের টাকা থেকে তাদের অ্যাডভান্স দেয়া হয়েছে, উকিলের ফি এবং মামলার খরচ তারা আগে নিয়েছেন। এটা তো জালিয়াতি হয় না। জালিয়াতি হয় তখন, যখন এক পক্ষ আরেক পক্ষের স্বাক্ষর জাল করে কোনো ডকুমেন্টস করে। এখানে দুই পক্ষ উপস্থিত হয়ে চুক্তি করেছে। দুই পক্ষ যখন চুক্তি করে সেটি তো জাল হতে পারে না। এখানে কোনো ষড়যন্ত্র আছে কি না এমন প্রশ্নের জবাবে আইনজীবী বলেন, অবশ্যই ষড়যন্ত্র আছে। যিনি অপরাধ করেননি, তার বিরুদ্ধে যদি অপরাধের অভিযোগ আনা হয়, কারো পক্ষ থেকে কারো উসকানি ও প্ররোচনা থাকতে পারে। আমরা দুদকে আইনের সমস্ত ব্যাখ্যা দিয়েছি। উনারা বলেছেন, এই সমঝোতাচুক্তিটা জাল। আমি বলেছি এটা জাল বলতে পারেন না যখন দুই পক্ষ সম্মত, আবার হাইকোর্টের অনুমোদনপ্রাপ্ত। সুতরাং এটা জাল নয়।
গত ৩০ মে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ছয় হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। সংস্থার উপ পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস, ব্যবস্থাপনা পরিচালক মো: নাজমুল ইসলাম, পরিচালক ও প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক মো: আশরাফুল হাসান, পরিচালক পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা, মো: শাহজাহান, নূরজাহান বেগম ও পরিচালক এস এম হাজ্জাতুল ইসলাম লতিফী।
এ ছাড়া অ্যাডভোকেট মো: ইউসুফ আলী, অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো: কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান ও প্রতিনিধি মো: মাইনুল ইসলামকে আসামি করা হয়েছে।