
বিশ্বকাপে মূল পর্ব শুরুর আগে দুটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। গুয়াহাটিতে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে ৭ উইকেটে। আগামীকাল শেষ ম্যাচটি ইংল্যান্ডের বিপক্ষে। তার আগে আজ রবিবার ঐচ্ছিক অনুশীলন করেন কয়েকজন ক্রিকেটার।
সেখানে নেটে ব্যাট করতে গিয়ে হাতে ব্যথা পেয়েছেন মাহমুদ উল্লাহ রিয়াদ।
লাফিয়ে ওঠা বল মাহমুদ উল্লাহর গ্লাভসে আঘাত করে। সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়েন তিনি। সেখান থেকে তাকে বাইরে নেওয়া হয়।
ডাকা হয় হোটেলে থাকা ফিজিও ও ডাক্তারকে। প্রাথমিক চিকিৎসার পর আবার ব্যাটিং শুরু করেছিলেন মাহমুদ উল্লাহ, তবে ব্যথা নিয়ে বেশিক্ষণ ব্যাট করতে পারেননি।
দলীয় সূত্র অবশ্য জানিয়েছে, অনুশীলনে কিছুটা ব্যথা পেলেও তীব্রতা খুব বেশি নয়। এখন ভালো আছেন এই অলরাউন্ডার।
ম্যাচ খেলা নিয়ে কোনো শঙ্কা নেই।
ঐচ্ছিক অনুশীলনে মাহমুদ উল্লাহ ছাড়াও ছিলেন মুস্তাফিজুর রহমান, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।