
রাজধানীতে পৃথক ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন তাদের ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতরা হলেন—বাড্ডার সজল আহমেদ (২৩) ও কামরাঙ্গীচরের হৃদয় মিয়া (২৮)।
মঙ্গলবার (১৫ আগস্ট) পৃথক সময়ে ঘটনা দুটি ঘটে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ বিষয়ে বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
মৃত সজলের খালাতো ভাই সাদমান হোসেন বলেন, বিকাল সাড়ে চারটার দিকে মধ্য বাড্ডা সলিমুদ্দিন লেনের ভাড়া বাসায় সবার অগোচরে গলায় ফাঁস দেয় সজল। পরে সেখান থেকে সন্ধ্যায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাদমান আরও বলেন, সজল একটি অ্যাড ফার্মে চাকরি করতো।
মৃত সজলের বাবার নাম সাইফুল ইসলাম। তিনি পরিবহন কাউন্টারে চাকরি করেন। বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন সজল।
এর আগে একই দিন কামরাঙ্গীরচরে হৃদয় নামে আরেকজন যুবককে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। সে এলিফ্যান্ট রোডে একটি প্যান্ট-শার্টের দোকানে সেলসম্যান ছিল। মৃতের ছোট বোন অনন্যা আক্তার বলেন, মঙ্গলবার দুপুরে পূর্ব রসুলপুর ৫ নম্বর গলির ভাড়া বাসায় সবার অগোচরে গলায় ফাঁস দেয় হৃদয়। পর সেখান থেকে আমরা তাকে উদ্ধার করে দুপুর সাড়ে বারোটায় ঢামেক জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মুন্সীকান্দি গ্রামের টেইলার্স মাস্টার সিরাজ মিয়ার ছেলে হৃদয়। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল বড়।
ভিন্নবার্তা/এমএসআই