
দলীয় নির্দেশ অমান্য করে বগুড়ার তালোড়া পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী হওয়া বিএনপি ও সহযোগী সংগঠনের ছয় নেতা নির্বাচিত হয়েছেন। পরাজিত হওয়ায় অপর ছয় নেতার কপাল পুড়েছে। তাদের আর সহজে দলে ফেরার সুযোগ নেই।
বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া পৌরসভা নির্বাচনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ করা হয়। নৌকার প্রার্থীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী পৌর বিএনপি থেকে আজীবন বহিষ্কৃত আবদুল জলিল খন্দকার। তিনি জগ প্রতীকে পেয়েছেন ছয় হাজার ৯২৭ ভোট। তার নিকটতম নৌকা মার্কার প্রার্থী বর্তমান মেয়র আমিরুল ইসলাম বকুল পেয়েছেন দুই হাজার ৯২৪ ভোট। বুধবার সন্ধ্যায় রিটার্নিং অফিস ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে তালোড়া পৌরসভায় মেয়র ও কাউন্সিলর প্রার্থী হওয়ায় কেন্দ্রীয় বিএনপি গত ১৩ জুন মেয়রপ্রার্থী পৌর বিএনপির সভাপতি আবদুল জলিল খন্দকার, মেয়র প্রার্থী পৌর বিএনপির সাবেক সভাপতি আবু হোসেন সরকার আবুলসহ ১২ নেতাকে দলীয় সব পদ থেকে আজীবন বহিষ্কার করে।
বহিষ্কৃতরা হলেন- মেয়র প্রার্থী তালোড়া পৌর বিএনপির সভাপতি আবদুল জলিল খন্দকার, সাবেক সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আবু হোসেন সরকার আবুল, সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী পৌর বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া রাজভর, সাধারণ কাউন্সিলর প্রার্থী পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু হাসান আজাদ, ইসরাফিল হোসেন খান, সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক হাসিম প্রামাণিক, সহ-কোষাধ্যক্ষ সম্পাদক তানভীর আহম্মেদ ফেরদৌস, সদস্য মারুফ হাসান, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হারুন-অর-রশিদ তরফদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম সাখিদার মুকুল ও পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল প্রামাণিক।
বহিষ্কৃতদের মধ্যে নির্বাচিত ছয়জন হলেন- মেয়র পদে আবদুল জলিল খন্দকার, সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সোনিয়া রাজভর, ১ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর সৈয়দ আবু হাসান আজাদ, ২ নম্বর ওয়ার্ডের ইব্রাহিম সাখিদার মুকুল, ৭ নম্বর ওয়ার্ডে ইসরাফিল হোসেন খান ও ৮ নম্বর ওয়ার্ডে হাসিম প্রামাণিক।
আজীবন বহিষ্কৃত নির্বাচিতদের দলে ফিরিয়ে নেওয়া প্রসঙ্গে দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন জানান, তালোড়া পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী ভালো স্বভাবের মানুষ নন। তাই ভোটাররা বিএনপির আজীবন বহিষ্কৃত আবদুল জলিল খন্দকারকে মেয়র নির্বাচিত করেছেন।
তিনি বলেন, দলের সঙ্গে বেইমানি করে শেখ হাসিনার পাতানো ফাঁদে পা দেওয়ায় ১২ জনকে আজীবন বহিষ্কার করা হয়েছে। যেখানে সারা দেশে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করতে গিয়ে শত শত নেতাকর্মী হামলা, মামলা, গুম ও খুনের শিকার হচ্ছেন। সেখানে মাত্র পাঁচ বছর মেয়র, কাউন্সিলর হওয়ার লোভে যারা দলের সঙ্গে বেইমানি করেছেন তাদের ফিরিয়ে নেওয়ার কোনো সম্ভাবনা নেই।
ভিন্নবার্তা/এমএসআই