
মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক সড়কে প্রাইভেটকার ও মোটরসাইকেলে সংঘর্ষে সুপ্রিমকোর্টের প্রশাসনিক শাখার গাড়িচালক ফিরোজ মৃধা নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে সিংগাইর বিন্নাডিংঙ্গী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফিরোজ মৃধা (৩৯) ফরিদপুর জেলার সদর উপজেলার কমলাপুর এলাকার আব্দুল জলিলের পুত্র। সুপ্রিমকোর্টের প্রশাসনিক শাখার গাড়িচালক ছিলেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুল ইসলাম জানান, ফরিদপুর থেকে মোটরসাইকেলে ঢাকা যাচ্ছিলেন। পথিমধ্যে মানিকগঞ্জ-সিংগাইর সড়কের সিংগাইরের বিন্নাডিংঙ্গী বাজার এলাকায় পৌঁছলে একটি অজ্ঞাতনামা প্রাইভেটকার ওই মোটরসাইকেলে ধাক্কা দিলে মারাত্মক আহত হন ফিরোজ মৃধা।
এ সময় স্থানীয়রা ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সে করে আহত মোটরসাইকেল আরোহী ফিরোজ মৃধাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠায়। তবে হাসপাতালে নেওয়ার পথে রোগীর মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই