
পাবনার সাঁথিয়ায় নানার বাড়ি বেড়াতে এসে আগুনে পুড়ে মারিয়া (৮) নামের এক শিশু মারা গেছে। এ ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসত ঘর পুড়ে গেছে। রোববার দুপুরে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের বিলচাপড়ি গ্রামের মোকছেদ প্রামাণিকের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মারিয়া উপজেলার ভূলবাড়িয়া ইউনিয়নের গয়েশবারিয়া গ্রামের রুবেল হোসেনের মেয়ে। সে ঘটনাস্থল নানার বাড়ি বেড়াতে এসেছিল।
আগুনে নগদ টাকা, পাট, পেঁয়াজ, ধান ও ঘরে রক্ষিত দুই ভাইয়ের মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানায়।
পারিবারিকও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে মোকছেদের বাড়ির লোকজন উঠানে পেঁয়াজ কাটছিল। এ সময় ঘরের ভেতর হঠাৎ আগুন জ্বলে উঠে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা বাড়ির অন্যান্য ঘরে ও মোকছেদের ভাই আরশেদের ঘরেও ছড়িয়ে পড়ে।
এ সময় মারিয়া তার নানা আরশেদ আলীর ঘরে শিশুদের সঙ্গে খেলা করছিল। অন্যান্য শিশুরা দৌড়ে চলে গেলেও মারিয়া তার নানার ঘরেই খাটের নিচে লুকায়। ঘরের চারদিকে আগুন ধরে গেলে মারিয়া খাটের নিচে পুড়ে মারা যায়। এ সময় মোকছেদের দুইটি ও তার ভাই আরশেদের দুইটি টিনের ঘরসহ মালামাল পুড়ে সম্পূর্ণ রূপে ভস্মীভূত হয়ে যায়।
এলাকাবাসী ও সাঁথিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রাণপণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সব পুড়ে শেষ হয়ে যায়।
এ ব্যাপারে ধুলাউড়ি ইউনিয়নের চেয়ারম্যান জরিফ আহমেদ শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। আগুনে পুড়ে তাদের দুই ভাইয়ের ব্যাপক ক্ষতি হয়েছে এবং শিশুটি পুড়ে অঙ্গার হয়ে গেছে। লাশটি তার বাবা রুবেল নিজ বাড়ি নিয়ে গেছেন।
সাঁথিয়া ফায়ার সার্ভিসের সাব অফিসার আব্দুল মান্নান বলেন, আমরা খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এ ব্যাপারে সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি তবে কেউ আমাদের কাছে কোনো অভিযোগ করেনি।
ভিন্নবার্তা/এমএসআই