
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি। নেতাকর্মীদের নির্বাচনের জন্য তৈরি হতে হবে। আগামীর সরকার হবে জাতীয় পার্টির সরকার। সরকারি দল প্রভাব বিস্তার করে নির্বাচন করবে, এটা ভুলে যেতে হবে।
নেত্রকোনায় জাতীয় পার্টির সদর উপজেলা ও পৌর শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন তিনি। রোববার বিকালে শহরের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফখরুল ইমাম বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি, সার, বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থার সংকট তৈরি হয়েছে। এ দেশের জনগণ তেমনি আস্থা হারিয়েছে বিএনপির প্রতিও।
বিএনপি ও আওয়ামী লীগ সরকার হুসেইন মুহম্মদ এরশাদের নাম মুছে ফেলার ষড়যন্ত্র করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, এ দেশে যতদিন জাতীয় পার্টির উন্নয়ন থাকবে, ততদিন এরশাদ মানুষের মধ্যে বেঁচে থাকবেন।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আরও বলেন, দেশ স্বাধীন হলেও বৈষম্য থেকে মুক্তি পায়নি। দেশে দুর্নীতি চরমভাবে বিস্তার করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবন অসহনীয় হয়ে উঠেছে। মানুষের আয় কমে যাচ্ছে। বেকার সমস্যা বাড়ছে। দেশে গণতন্ত্র না থাকলে দুর্নীতি হয়। এখন দেশে গণতন্ত্র ও সুশাসন কোনোটাই নাই।
সদর জাতীয় পার্টির আহ্বায়ক আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে ও পৌর শাখার আহ্বায়ক ফারুক ইয়ার খান কাজলের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন- জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ভুইয়া, সালাহ উদ্দিন মুক্তি, জাহাঙ্গীর আহমেদ, সাবেক এমপি গোলাম রব্বানী, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আসমা আশরাফ ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান খান আরজু, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে মোনায়েম আকবরীর নেতৃত্বে বারহাট্টা উপজেলার ২০ নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন।
ভিন্নবার্তা/এমএসআই