
ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোপালপুর গ্রাম থেকে শনিবার পরিত্যক্ত অবস্থায় ১৩ কেজি গাজা ও ১৯৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। ওই গ্রামের মাঠের মধ্যে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় এই মাদক সামগ্রী পড়ে ছিল। শনিবার বিকালে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহেশপুরের যাদবপুর বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর গ্রামের মাঠে অভিযান চালায়। বিজিবি আসার আগেই মাদক কারবারিরা কসটেপ দিয়ে মোড়ানো ১৩ কেজি ভারতীয় গাজা এবং ১৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরের ষ্টোরে সংরক্ষণ করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই