
নওগাঁয় ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তাদের দুই সন্তান। শুক্রবার দুপুরে নওগাঁ-রাজশাহী সড়কের হাপানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নওগাঁ সদর উপজেলার উল্লাসপুর গ্রামের মিলন (৩৫) ও তার স্ত্রী লিপি (৩২)।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে মিলন তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি মান্দা উপজেলার মৈনম থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি উল্লাসপুরে ফিরছিলেন। পথে নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাপানিয়া এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এ সময় সড়কে পড়ে গেলে ট্রাটের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। এতে গুরুতর আহত হয় তাদের দুই সন্তান। আহত দুই সন্তান নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি।
ভিন্নবার্তা/এমএসআই