
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
এতে সভাপতি পদে বর্তমান সাধারণ সম্পাদক পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক পদে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত হুদাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
শনিবার সন্ধ্যায় নীল দলের অভ্যন্তরীণ সভা শেষে এ তথ্য জানান নীল দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুর রহিম।
এছাড়া নীল দল সহ-সভাপতি পদে শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক লাফিফা জামাল, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. খাদেমুল হক, কোষাধ্যক্ষ পদে হাজী মুহম্মদ মুহসিন হলের প্রভোস্ট অধ্যাপক মাসুদুর রহমান এবং সদস্য পদে ১০ জনকে মনোনয়ন দিয়েছে নীল দল।
সদস্য পদে মনোনয়ন পেয়েছেন- ড. মোহাম্মদ জিয়াউর রহমান, ড. আবু জাফর মো. শফিউল আলম ভূইয়া, ড. মো. আমজাদ আলী, ড. মো. সাইফুল ইসলাম খান, ড. শারমিন মুসা, ড. মো. মাকসুদুর রহমান, অধ্যাপক মোহাম্মদ আলী আক্কাছ, ড. চন্দ্র নাথ পোদ্দার, ড. শরীফ আখতারুজ্জামান, মো. কামরুল হাসান।
অধ্যাপক ড. আব্দুর রহিম বলেন, ভোটাভুটিতে নয় এবার আমরা অভ্যন্তরীণভাবে প্রার্থী ঠিক করেছি। নীল দলের আহ্বায়ক এবং দুই যুগ্ম আহ্বায়কের ওপর এ দায়িত্ব ছিল। সবার সাথে আলোচনা করে আমরা প্রার্থী চূড়ান্ত করেছি। সবাই এই প্যানেলকে সমর্থন দিয়েছে। আশা করছি আমরা পূর্ণ প্যানেলেই জয় লাভ করব।
আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কার্যকর পরিষদ নির্বাচন-২০২৩। সমিতির সংবিধানের ৬-ক ধারা অনুযায়ী এ নির্বাচনের মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকর পরিষদ গঠন করা হবে। বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল সাড়ে ৩টায় ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে
ভিন্নবার্তা/এমএসআই