
সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জে বেপরোয়া গতির ট্রাকের চাপায় ইমন আহমদ (২৪) ও মুক্তার হোসেন নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার মানিকপুর ইউনিয়নের কালিগঞ্জ কলাকুটা বাংলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন উপজেলার সদর ইউনিয়নের সেনাপতিরচক গ্রামের ফয়জুল ইসলামের ছেলে এবং মুক্তার মানিকপুর ইউনিয়নের দেওয়ানচক গ্রামের আব্দুল মানিকের ছেলে।
জানা গেছে, জকিগঞ্জ-সিলেট সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান। দুর্ঘটনার পর ট্রাক নিয়ে পালিয়ে যান চালক।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেটের জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন। তিনি বলেন, দ্রুতগতির একটি ট্রাক দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে রাত ১২টার দিকে নিহতদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ’ ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।