
সরকার জ্বালানি তেলের দাম ৫২ শতাংশ বাড়ালেও কমিয়েছে প্রতি লিটারে মাত্র ৫ টাকা। শতকরার হিসাবে এর পরিমাণ পৌনে ৪ শতাংশ। সোমবার ডিজেল-অকটেন-পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার মধ্যরাত ১২টার পর থেকেই সিদ্ধান্তটি কার্যকর হবে। রাতেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়।
দাম কমানোর বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, শুল্ক কমানোয় লিটারে খরচ কমেছে এক টাকা ৯০ পয়সা। দাম কমানো হয়েছে পাঁচ টাকা। বিশ্ববাজারে দাম চড়া থাকায় বিপিসিকে ভর্তুকি দিতে হবে। তবে বিশ্ববাজারে দাম কমলে আবার সমন্বয় করা হবে। নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ১১৪ টাকা থেকে কমে ১০৯ টাকা। কমেছে ৪ দশমিক ৩৯ শতাংশ। অকটেন ১৩৫ টাকা থেকে কমে ১৩০ টাকা হয়েছে। কমেছে ৩ দশমিক ৭০ শতাংশ। পেট্রোল ১৩০ টাকা থেকে কমে ১২৫ টাকা হয়েছে। কমেছে ৩ দশমিক ৮৫ শতাংশ। কেরোসিন ১১৪ টাকা থেকে কমে ১০৯ টাকায় নামছে। কমেছে ৪ দশমিক ৩৯ শতাংশ।
এর আগে গত ৫ আগস্ট জ্বালানি তেলের দাম বাড়ানো হয় সাড়ে ৪২ শতাংশ থেকে ৫২ শতাংশ। কিন্তু কমানো হলো ৩ দশমিক ৭০ শতাংশ থেকে ৪ দশমিক ৩৯ শতাংশ। আগে তেলের দাম এত বেশি হারে বাড়ানো হয়েছে যে, এখন কমানোর মাত্রা খুবই কম। মানুষের জীবনযাত্রার এর তেমন কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদরা। তারা বলেন, এই কমানোর হারে গণপরিবহণ ভাড়া, পণ্য পরিবহণ ভাড়া ও শিল্প খাতে বিদ্যুৎ, জ্বালানি তেল ব্যবহারের ক্ষেত্রে তেমন কোনো প্রভাব পড়বে না।
গতকাল দুপুরে জ্বালানি তেলের দাম সমন্বয়ে হিসাব যাচাই-বাছাই চলছে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেন, জ্বালানি তেল আমদানিতে করের ব্যাপারে আমাদের কিছু সুবিধা দেওয়া হয়েছে। সেই সুবিধার কারণে আমরা চিন্তা করছি তেলের দাম সমন্বয় করতে পারব।
এর আগে রোববার রাতে জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিমের সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়, ডিজেলের দাম নিয়ন্ত্রণে সব ধরনের আগাম কর মওকুফ করা হয়েছে। পাশাপাশি আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
আগে ডিজেলে শুল্ক-কর মিলিয়ে ৩৪ শতাংশ কর প্রযোজ্য ছিল। নতুন আদেশের ফলে সবমিলিয়ে তা কমে ২২.৭৫ শতাংশ হলো। এ আদেশ অনুযায়ী, ডিজেল আমদানিতে এখন ব্যবসায়ীদের আমদানি শুল্ক ৫ শতাংশ, আগাম আয়কর ৩ শতাংশ এবং ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে। এই আদেশ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
গত ৫ আগস্ট রাত ১২টার পর থেকে দেশে সব ধরনের জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়। ভর্তুকি কমাতে ওই দিন দাম ৪২ থেকে ৫২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করে সরকার। তাতে প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের মূল্য ১৩০ টাকা নির্ধারণ করা হয়। তার আগে ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা এবং পেট্রোলের দাম ছিল এক লিটার ৮৬ টাকা ছিল।
ভিন্নবার্তা ডটকম/এসএস