
অপহরণ ও জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়া চিহ্নিত একটি কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে আটক করেছে র্যাব-১৩। বুধবার বিকাল ৪টায় নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার রাতে আটকৃতদের সৈয়দপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন শহরের বাস টার্মিনাল এলাকার নিয়ামতপুর বকসাপাড়ার বাসের সুপারভাইজার রবিউল ইসলামের ছেলে ফিরোজ হোসেন (১৯), একই এলাকার জুম্মাপাড়ার ট্রাকের হেলপার ওহাদ আলীর ছেলে জীবন (২২) এবং ভিত্তিপাড়ার মৃত মনসুর আলীর ছেলে সোহেল (১৮)। এসময় অপহৃত কিশোর তমাল (১৫) কে উদ্ধার করা হয়। সে সৈয়দপুরের পাশ্ববর্তী দিনাজপুরের খানসামা উপজেলার দুবলিয়া গ্রামের অঞ্জন রায়ের ছেলে।
অপহরণের শিকার তমালের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০ টায় সৈয়দপুরে এক বন্ধুর সাথে দেখা করার জন্য আসে তমাল। বাস টার্মিনাল এলাকায় পৌঁছামাত্র ৫/৭ জন ছেলে এসে তাকে ঘিরে ধরে। তারা জোর করে তাকে টার্মিনালের পিছন দিকে একটি ইটভাটায় নিয়ে যায় এবং ধারালো অস্ত্র ঠেকিয়ে বাসায় মোবাইল করে ৫০ হাজার টাকা আনতে চাপ দেয়। বাধ্য হয়ে তমাল তার বাবাকে মোবাইল করে ওদের কথামতো টাকা দিতে বলে। তমালের বাবা টাকা নিয়ে আসছেন বলে তাদের আশ্বস্ত করা হয়।
পরে তমালের বাবা বিষয়টি তাদের নিকট আত্মীয় সৈয়দপুর শহরের কয়া মিস্ত্রিপাড়ার কার্তিক রায়কে জানালে তিনি জিম্মিকারীদের সাথে মোবাইলে কল দিয়ে জানান টাকা নিয়ে সৈয়দপুরে অবস্থান করছেন। সরাসরি দেখা করে টাকা দিবেন। কিন্তু অপহরণকারীরা তাতে রাজি না হয়ে বিকাশ বা নগদের মাধ্যমে টাকা দিতে চাপ দেন।
কার্তিক রায় বলেন, তারা শেষে সাক্ষাতে টাকা নিতে চায় এবং একবার টার্মিনাল আবার ওয়াপদা মোড়, ফের তাজির হোটেলের কাছে যেতে বলে আমাকে হয়রানী করছিল। এমন পরিস্থিতিতে আমি বিষয়টি প্রথমে থানায় জানাই। কিন্তু তারা গুরুত্ব না দেয়ায় পরে নীলফামারী র্যাব-১৩ কে অবহিত করি।
এরপর র্যাব অভিযান চালিয়ে বিকাল ৪টার দিকে তমালকে উদ্ধার করাসহ অপহরণকারী চক্রের ৩ জনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত তিনজন অপরাধের কথা স্বীকার করেছে।
ওসি সাইফুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় একটি অপহরণ মামলা হয়েছে। আসামীদের নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই