
বয়স তার মাত্র ১০ মাস। এ সময় তো বাবা-মায়ের আদর খাওয়ার কথা তার। খেলা করার কথা। কিন্তু, এই বয়সেই নাকি চাকরি পেয়ে গেছে এই শিশুর! হ্যাঁ, ভারতীয় রেলের ইতিহাসে এ এক নজিরবিহীন ঘটনা বলেই মনে করা হচ্ছে। ১০ মাসের শিশুকে চাকরি দেয়া হলো।
সংবাদ সংস্থা সূত্রে খবর, দুর্ঘটনায় বাবা-মাকে হারিয়েছে ছত্তিসগড়ের ওই খুদে। বাবা রেলে কর্মরত ছিলেন। তাই তার মৃত্যুর পর বাবার চাকরি দেয়া হলো ওই শিশুকে। ১৮ বছর বয়স হলে চাকরিতে যোগ দিতে পারবে শিশুটি। ইতিমধ্যেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। শিশুটির আঙুলের ছাপও সে কারণে নেয়া হয়েছে।
জানা গেছে, গত ১ জুন পথ দুর্ঘটনায় মৃত্যু হয় শিশুটির বাবা-মায়ের। তবে প্রাণে বেঁচে যায় শিশুটি। তার বাবা রাজেন্দ্র কুমার ভিলাই রেলওয়ে ইয়ার্ডে কাজ করতেন। ৪ জুলাই দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের কর্মিবর্গ দফতরে (পার্সোনেল ডিপার্টমেন্টে) শিশুটিকে চাকরি দেয়া হয়েছে। রেলের এক কর্মকর্তার কথায়, ‘খুবই আবেগঘন মুহূর্ত। বাচ্চাটির আঙুলের ছাপ নেয়ার কাজটা কঠিন ছিল আমাদের জন্য।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ