
ফরিদপুর সদরের শোভারামপুরের হাজী শরীয়তুল্লা বাজারের একটি গুদাম থেকে ৪ হাজার ৮০০ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে গুদাম মালিককে এক লাখ টাকা জরিমানাসহ গুদামটি ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
শনিবার (১৪ মে) দুপুরের দিকে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তর ফরিদপুরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ এবং জেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন ঢালী।
তিনি জানান, অবৈধভাবে পণ্য মজুদ ও বেশি দামে বিক্রির বিরুদ্ধে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে ওই বাজারের অভিযান চালানো হয়। অভিযানকালে গোপন তথ্যের ভিত্তিতে বাজারের ব্যবসায়ী কানাই লালের একটি গুদাম থেকে মজুদ ৪ হাজার ৮০০ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়। এ সময় অবৈধভাবে সয়াবিন তেল মজুদ করায় ব্যবসায়ী কানাইকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তেলগুলো জব্দ করে তাৎক্ষণিকভাবে ভোক্তাদের মধ্যে বোতল মূল্যে বিক্রি করা হয়।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদ খান, জেলা বাজার কর্মকর্তা শাহাদাৎ হোসেন ও পুলিশের একটি দল সহযোগিতা করে।
ভিন্নবার্তা/এমএসআই