
কৃষিতে বিপ্লব ঘটানোয় পটুয়াখালীতে অনেক সম্ভাবনা রয়েছে, কিন্তু পানি সংকট। জলাশয়/খালগুলো ভরাট হয়ে ব্যবহারে অনুপযোগী হয়েছে। সেচের ব্যবস্থা নাই, পানি উন্নয়ন বোর্ডের স্লুইস গেটগুলো সঠিকভাবে কাজ করছে না। তাই দক্ষিণাঞ্চলের কৃষির উন্নয়নে ৩-৪ হাজার কোটি টাকার একটি মেগা প্রকল্প নেওয়া হচ্ছে। এই এলাকার কৃষিতে একটি বিপ্লব নিয়ে আসবো, যাতে দক্ষিণাঞ্চল বাংলাদেশের অর্থনীতিতে একটি বড় ভূমিকা রাখতে পারে।
সোমবার দুপুরে পটুয়াখালীর বদরপুরে মুগডালের মাঠ পরিদর্শন ও কৃষকের সঙ্গে মতবিনিময়কালে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী আরও বলেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কোনো জমি যাতে অনাবাদি না থাকে সেজন্য কৃষি গবেষণা ইনস্টিটিউট গবেষণার মাধ্যমে আবহাওয়া সহিষ্ণু বিভিন্ন ফসলের জাত উদ্ভাবন করছে। এসব ফসল উৎপাদনে কৃষি মন্ত্রণালয় থেকে কৃষকদের সার, উন্নতমানের বীজ ও প্রযুক্তিসহ বিভিন্ন প্রণোদনা দিয়ে সহযোগিতা করা হচ্ছে। সমতল ভূমিতে কোনো কোনো অঞ্চলে চাষিরা সারা বছরে তিন থেকে চারটি ফসল উৎপাদন করে। পটুয়াখালীতে আগে কৃষকেরা শুধুমাত্র ধান চাষ করতেন। শুকনা মৌসুমে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় এখানে অন্য কোনো ফসলের চাষ করা যেত না। কৃষি মন্ত্রণালয় এ অঞ্চলে ডাল চাষের উদ্যোগ নেয়।
কৃষিমন্ত্রী বলেন, কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বারি মুগ ৬ চাষ করে এখানকার কৃষকেরা লাভবান হচ্ছেন। দেশে মোট মুগডাল উৎপাদনের শতকরা ১০ ভাগ হচ্ছে পটুয়াখালীতেই। এখানে উৎপাদিত ডাল দেশের গণ্ডি পেরিয়ে জাপানে রপ্তানি হচ্ছে। এটি আরও ব্যাপক হারে ছড়িয়ে দেওয়া গেলে অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে। আমরা এলাকাভিত্তিক ফসল বিন্যাসের চেষ্টা করছি।
তিনি আরও বলেন, পটুয়াখালীতে কৃষি যন্ত্রের ব্যবহার নেই, কৃষকেরা যাতে এসব যন্ত্রপাতি কিনে ব্যবহার করতে পারে সেজন্য ভর্তুকির ব্যাপারে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেব। এছাড়া মুগডাল মাড়াইয়ের জন্য একটি যন্ত্র উদ্ভাবন করেছে কৃষি গবেষণা ইনস্টিটিউট; এটি ভর্তুকির মাধ্যমে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে।
পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় নারী এমপি কাজী কানিজ সুলতানা হেলেন, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর, কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশিষ সরকার, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নানসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি রাজনৈতিক নেতা ও কৃষকরা উপস্থিত ছিলেন।
পরে কালিকাপুর ইউনিয়নের শারিকখালীতে বোরো প্রদর্শনীর নমুনা ফসল কর্তন ও মাঠ দিবসে অংশগ্রহণ করেন মন্ত্রী।
ভিন্নবার্তা/এমএসআই