
ঈদুল ফিতরের দিন আজ মঙ্গলবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে নেমেছে বৃষ্টি। এতে ঈদের নামাজ পড়তে কিছুটা ভোগান্তি হয়েছে। তবে বৃষ্টিতে গরম থেকে স্বস্তি পেয়েছে দেশের মানুষ।
আগামীকাল বুধবারও বৃষ্টিপাত ও ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশীদ। তিনি বলেন, রাজধানীতে এ পর্যন্ত ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঢাকায় এখন বৃষ্টি বন্ধ রয়েছে। তবে সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
তিনি বলেন, আগামীকাল সারা দেশের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। যশোর, কুষ্টিয়া অঞ্চলে দুপুরের পর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। ঢাকাসহ সারা দেশে আজ মধ্যরাতের দিকে কালবৈশাখী ঝড় হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারা দেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫ টা ২০ মিনিটে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী ও বদলগাছীতে ২২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
ভিন্নবার্তা ডটকম/এসএস