
পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়ার সময় আখতারুজ্জামান তারা (৫৫) নামের এক ব্যবসায়ীর মারা গেছেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ ইউনিয়নের রংপুর চিনিকল জামে মসজিদে ঈদের নামাজরত অবস্থায় তিনি মারা যান।
মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর পাছপাড়া গ্রামের বাসিন্দা আখতারুজ্জামান পেশায় মুদি ব্যবসায়ী ছিলেন। তার দুজন ছেলেমেয়ে রয়েছে।
এ তথ্য নিশ্চিত করে মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বলেন, আখতারুজ্জামান বেশ কিছুদিন থেকে হৃদরোগে ভুগছিলেন।
আখতারুজ্জামানের ভাতিজা এবিএস লিটন বলেন, স্বজনদের সঙ্গে ঈদের নামাজ পড়তে চিনিকল জামে মসজিদে যান আখতারুজ্জামান। নামাজ শুরু হলে তিনি প্রথম রাকাত পড়ে দ্বিতীয় রাকাতের সিজদায় গিয়ে আর উঠতে পারেননি।
তিনি আরও বলেন, মুসল্লি ও স্বজনরা আখতারুজ্জামানকে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস