
রাজধানীর পল্টনে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব ও নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ফজলুল হক মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক মামুন মাহমুদকে (৫৪) ছুরিকাঘাত করা হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) রাত ৮টার দিকে পল্টনের কস্তুরী হোটেলের সামনে তাকে ছুরিকাঘাত করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে জুয়েল নামে একজনকে গণধোলাই দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মামুন মাহমুদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন তার ব্যক্তিগত সহকারী দিদার মহসিন। তিনি জানান, পল্টন এলাকায় নারায়ণগঞ্জ বিএনপির আহ্বায়ক কমিটির বিশেষ সভা ছিলো। মামুন মাহমুদ ওই সভা শেষ করে অফিস থেকে বেরিয়ে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় কয়েকজন তার গতিরোধ করেন। এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে মামুন গুরুতর আহত হন।
আহতাবস্থায় মামুন মাহমুদ বলেন, অজ্ঞাতরা আমাকে ছুরিকাঘাত করেছে। আপাতত চিকিৎসা নিচ্ছি, তারা কারা বা কেন করেছে পরে জানাতে পারবো।
তার শরীরের বিভিন্নস্থানে এলোপাথাড়ি ছুরিকাঘাত করা হয়েছে বলে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি জানিয়েছেন।
তিনি বলেন, আমাদের দলীয় বৈঠক ছিল পল্টনে মামুনের অফিসে। দুপুর ৩টা থেকে আমাদের বৈঠক চলে। ইফতারের পর আমরা চলে আসি। কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে জানি না। মামুনের কাছ থেকে কিছুই খোয়া যায়নি বলেও জানিয়েছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দীন মিয়া বলেন, পুরানা পল্টন কস্তুরী হোটেলের গলি এলাকায় একটা ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার সময় জুয়েল নামে একজনকে স্থানীয়রা ধরে গণধোলাই দিয়েছে, তিনিও হাসপাতালে আছেন। বিষয়টি ছিনতাই কি না তদন্ত করে দেখা হচ্ছে। সোমবার রাত পৌনে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মামুন মাহমুদ চিকিৎসাধীন রয়েছেন।
ভিন্নবার্তা/এমএসআই