
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিতাস গ্যাস সোনারগাঁও আঞ্চলিক শাখার যাত্রামুড়া কার্যালয়ের কর্মচারী প্রদীপ বিশ্বাসকে প্রকাশ্য কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকালে উপজেলার তারাবো পৌরসভার যাত্রামুড়া গ্যাস অফিসের সামনে এ ঘটনা ঘটে।আহত প্রদীপ বিশ্বাস যাত্রামুড়া টাটকি এলাকার পদ্মা টেক্সটাইল মিল কলোনির শ্রী রণজিত বাসপোর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকালে প্রদীপ যাত্রামুড়া গ্যাস অফিসের নিচে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। হঠাৎ মোটরসাইকেলযোগে এসে দুই দুর্বৃত্ত হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে পেছন থেকে এসে প্রদীপকে এলোপাতাড়ি কোপাতে থাকে। প্রদীপের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় প্রদীপ বিশ্বাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
এ ব্যাপারে তিতাস গ্যাস সোনারগাঁও আঞ্চলিক শাখার ব্যবস্থাপক প্রকৌশলী মেজবাহ উর রহমান বলেন, বুধবার বিকালে মোটরসাইকেলযোগে কে বা কারা এসে প্রদীপকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ভিন্নবার্তা/এমএসআই