
পাঁচ বছর থেকে তদূর্ধ্ব বয়সী প্রাথমিকের শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শিগগিরই শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। শিক্ষার্থীদের ও টিকা কেন্দ্রের তালিকা প্রস্তুত করতে বলেছি। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের টিকাসংক্রান্ত এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাথমিকের শিক্ষার্থীদের টিকার বিষয়ে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছি। তাদের অনুমোদন পাওয়া মাত্রই কার্যক্রম শুরু করে দেব।
১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকা দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এবার আমরা ১২ বছরের নিচে ও পাঁচ বছরের ঊর্ধ্বে শিক্ষার্থীদের টিকা দেব। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। তারা জানিয়েছে শিক্ষার্থীদের তালিকা হচ্ছে। আমাদের প্রস্তুতি আমরা নিয়ে রাখছি।
প্রাথমিক শিক্ষার্থীদের টিকাদানের সম্ভাব্য সময় জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটা নির্ভর করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওপর। সেটি নিয়ে এখনই আমরা কিছু বলতে পারছি না।
এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, সর্বনিম্ন পাঁচ বছর থেকে তদূর্ধ্ব বয়সী প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে বয়সভিত্তিক ছাত্রছাত্রীর সংখ্যা এবং টিকা কেন্দ্রের তথ্য প্রেরণে বিভাগীয় শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, একদিনে ১ কোটি কভিড-১৯ টিকাদান কার্যক্রমে প্রথম ডোজ নেয়াদের দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হচ্ছে ২৮ মার্চ। তিন দিনব্যাপী এ কার্যক্রম চলবে ৩০ মার্চ পর্যন্ত। প্রথম ডোজ নেয়াদের ২৮ মার্চ থেকে দ্বিতীয় ডোজ দেয়া হবে। বিশেষ টিকা ক্যাম্পেইনে যারা প্রথম ডোজ নিয়েছে, তারা যেকোনো কেন্দ্রে এসেই দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবে। এ কার্যক্রমে ২ কোটি ২৫ লাখ টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে।
মন্ত্রী বলেন, গত ২৬ ফেব্রুয়ারির আগ থেকে ধরে নয়দিনে ৩ কোটির বেশি টিকা দেয়া হয়েছে। এখন পর্যন্ত ২২ কোটি টিকা দেয়া হয়েছে। প্রায় ৪০ হাজার কোটি টাকা টিকা ক্রয় ও দেয়ার পেছনে খরচ হয়েছে। কিছু টিকা আমাদের বাড়তি আছে। এসব টিকা বিভিন্ন দেশকে উপহার হিসেবে দিয়ে দেব।
ভিন্নবার্তা ডটকম/আর