
স্বপ্নেরা ডালপালা মেলছিল বেশ। কিন্তু ব্যাটিং নিয়ে শঙ্কাটা ছিলই। শেষ অবধি সেটাই কাল হলো। ২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়েই বাংলাদেশ করে ফেলেছিল ৬৯ রান। জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশকে হতাশ হতে হয়েছে এরপরই।
৪৪ রানের ব্যবধান ৬ উইকেট হারায় বাঘিনীরা। শেষ অবধি বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচ হারে ৩২ রান। ডানেডিনের ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা নারী দল। ২০৮ রানের লক্ষ্য দেয় তারা। জবাবে ১৭৫ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ নারী দল।
বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয়ের স্বপ্ন বাংলাদেশ দেখেছিল শামিমা সুলতানা ও শারমিন আক্তারের ব্যাটে। দুই ওপেনার মিলে যুক্ত করেছিলেন ৬৯ রান। শামিমাকে ফিরিয়ে বাঘিনীদের প্রথম ধাক্কা দেন খাকা।
৫০ বলে ২৭ রান করে সাজঘরে ফেরত যান তিনি। এরপর ৭৭ বলে ৩৪ রান করে আউট হয়ে যান আরেক ওপেনার শারমিন। এরপরই রীতিমতো ধ্বস নামে বাংলাদেশের ইনিংসে, বল হাতে আগুন ঝড়ান খাকা। স্কোরকার্ডে ১১৩ রান যোগ করতেই উইকেট হারায় ছয়টি।
পরে ঋতু মণিকে নিয়ে লড়াই চালিয়ে যান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কিন্তু ৫৯ বলে ২৯ রান করে রান আউট হয়ে যান জ্যোতি। ৩৮ বলে ২৭ রান করে আউট হয়ে যান ঋতু মণিও।
এই দুইজনের বিদায়ের পর কার্যত শেষ হয়ে যায় বাংলাদেশের জয়ের স্বপ্ন। ৩ বল বাকি থাকতে অলআউট হয়ে যায় বাংলাদেশের মেয়েরা।
ভিন্নবার্তা/এমএসআই