
গাজীপুরের টঙ্গীতে ডাকাতির ঘটনায় পৃথক স্থানে অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামালসহ ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- রিমন (২০), নব খগেন্দ্রনাথ রায় (২২), আহাম্মেদ আলী (১৮), সজিব হোসেন রাজা (২২), জাহাঙ্গীর (২৯), রনি (১৯), হৃদয় (১৯), মেহেদী হাসান মিরাজ (১৯), সাব্বির হোসেন (১৯) ও খন্দকার শাওন (২১)।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার ভোরে নেত্রকোনা থেকে বন্ধুকে নিয়ে শশাংক কুমার সরকার রন্টু তার ব্যক্তিগত প্রাইভেটকারযোগে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী গাজীপুরা হোপলোন গার্মেন্টের সামনে পৌঁছলে ১৩-১৪ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে তাদের গাড়ির চারপাশ ঘিরে ফেলে।
একপর্যায়ে ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে তাদের সঙ্গে থাকা নগদ ৭৭ হাজার ৬০০ টাকা, বিভিন্ন ব্রান্ডের ছয়টি মোবাইল ফোন ও একটি স্বর্ণের আংটি লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় বৃহস্পতিবার শশাংক কুমার সরকার রন্টু টঙ্গী পূর্ব থানায় একটি মামলা করেন। পরে পুলিশ সিসি ফুটেজ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ১০ ডাকাতকে গ্রেফতার করে।
শুক্রবার গ্রেফতাকৃত সবার বিরুদ্ধে মামলা শেষে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার পিযুষ কুমার দে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ভিন্নবার্তা/এমএসআই