
আবারও বড় দরপতন হয়েছে দেশের শেয়ারবাজারে। ইউক্রেনে রাশিয়ার হামলার খবরটি দরপতনের কারণ বলে মনে করছেন শেয়ারবাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা। ‘মনস্তাত্ত্বিক’ প্রভাবে বাজারে ক্রেতার সংকট দেখা দেয় এবং বিক্রির চাপ বাড়তে থাকে। এতে সপ্তাহের শেষ কার্যদিবসে বড় দরপতন দেখলেন বিনিয়োগকারীরা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সকাল ১০টায় দিনের লেনদেনের শুরু হয়েছিল বুধবারের মতো ঊর্ধ্বমুখী ধারায়। বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর বাড়ায় বুধবার ডিএসইএক্স ৩০ পয়েন্ট বেড়েছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর হারাতে শুরু করে নানা খাতের শেয়ার। পরের দেড় ঘণ্টায় দিনের সর্বোচ্চ অবস্থান থেকে এক শরও বেশি পয়েন্ট হারায় ডিএসইএক্স সূচক।
এ অবস্থার কারণ জানতে চাইলে কয়েকটি শীর্ষ ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা জানান, ভোরে ক্রিমিয়ায় রাশিয়ার আক্রমণ শুরুর খবর নানা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশের পর দেশের গণমাধ্যমগুলো সে খবর প্রকাশ করেছে। খবরটি শেয়ারবাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে ছড়িয়ে দরপতন ত্বরান্বিত হয়। তাঁরা বলছেন, বিশ্বের বড় কোনো যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে জ্বালানি তেলসহ নানা ভোগ্য পণ্যের আন্তর্জাতিক বাজারমূল্য বেড়ে যায়, যার প্রভাবে দেশের মধ্যেও নানা পণ্যের দাম বাড়ে, ক্ষতিগ্রস্ত হয় রপ্তানি বাণিজ্যসহ অভ্যন্তরীণ বাণিজ্য। গতকালের দরপতনের কারণ এমনটি হতে পারে বলে মনে করেন বিভিন্ন বোকারেজ হাউসের কর্মকর্তারা।
জানতে চাইলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ছায়েদুর রহমান জানান, ‘পুঁজিবাজার ওঠানামা করবে, এটাই স্বাভাবিক। তবে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের মনস্তাত্ত্বিক প্রভাব থাকতে পারে। এটা হয়তো দু-এক দিনের মধ্যে কেটে যাবে। ’
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৩২৬টিরই দাম কমেছে। তাতে ডিএসইর প্রধান সূচক কমেছে ১০৯ পয়েন্ট, যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ সূচক পতন। এদিন ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে প্রায় সাড়ে তিন শ পয়েন্ট। তাতে ডিএসইর প্রধান সূচক ১০৯.২৩ পয়েন্ট কমে ৬ হাজার ৮৩৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে কমেছে ২২.৮৩ পয়েন্ট।
ডিএসইতে এদিন লেনদেন হয়েছে এক হাজার ৫০ কোটি ২৮ লাখ তিন হাজার টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৮৮৭ কোটি ৮৫ লাখ দুই হাজার টাকার শেয়ার; যা আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ৩৩২.৩৮ পয়েন্ট কমে ১৯ হাজার ৯৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩৭ কোটি ৪৫ লাখ ৯১ হাজার ২১৭৪ টাকার শেয়ার।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ