
নিজ এলাকায় জমি ও স্থাপনা দখলের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান। তিনি বলেছেন, তার বিরুদ্ধে ভিত্তিহীন খবর ছড়ানো হচ্ছে যা খুবই দুঃখজনক।
জায়েদ খানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ভুক্তভোগী কয়েকটি পরিবার।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা দাবি করেন, ‘অন্তর জ্বালা’ সিনেমার শুটিংয়ের কথা বলে পিরোজপুর সদরে হিন্দুদের জমি ও ক্লিনিক দখল করেন জায়েদ খান। এর সঙ্গে জড়িত আছেন তার ভাই ওবায়দুল হক পিন্টু ও শহীদুল হক মিন্টু।
তবে এসব অভিযোগ ভিত্তিহীন দাবি করে জায়েদ বলেন, শিল্পী সমিতিতে যারা সহযোগী সদস্য হয়েছেন এবং যে গ্রুপটি নির্বাচন নিয়ে আমার বিরুদ্ধে কাজ করছে, বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র করছে, তারই অংশবিশেষ পিরোজপুরে ক্লিনিক দখলের অভিযোগ। ওই গ্রুপটিই প্রেস ক্লাবে দাঁড়িয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে যে, জায়েদ খান হিন্দুদের ক্লিনিক দখল করেছে। তবে এই জায়গার সঙ্গে আমি কোনোভাবে সম্পৃক্ত না।
তার বিরুদ্ধে গুটিকয়েক মানুষ অপপ্রচার করছে জানিয়ে এই চিত্রনায়ক বলেন, আমার বড় ভাই ক্লিনিকের অর্ধেক মালিক। বাকি অর্ধেক কেনার জন্য তাদের টাকা দেওয়া হয়েছে। কিন্তু তারা টাকা নিয়ে রেজিস্ট্রি না দিয়ে ঘুরাচ্ছে। এ ঘটনায় একটি মামলা চলমান।
তিনি আরও বলেন, এটি আমার ভাইয়ের এবং তাদের একান্ত বিষয়। এর সঙ্গে আমি জড়িত নই। সেখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সিনেমার গুটিকয়েক লোক, যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে আবার তারাই টাকা দিয়ে লোক ভাড়া করে এনে আমার বিরুদ্ধে ভিত্তিহীন খবর ছড়াচ্ছে, যা খুবই দুঃখজনক।
ভিন্নবার্তা/এমএসআই