
রাজধানীর রামপুরার বনশ্রীতে তেলবাহী একটি লরির চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় লরিচালক ও সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার চালকের নাম মো. নুরুল ইসলাম (৪০) ও সহকারী মো. ইমরান হোসেন (২২)। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
তিনি বলেন, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে লরির চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী মো. আবু নাসের (৩৮) নিহত হন। এ ঘটনায় লরিচালক ও সহকারীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
ওসি রফিকুল ইসলাম বলেন, মোটরসাইকেল আরোহী আবু নাসের নোয়াখালীর সোনাইমুড়ীর মানিকনগর ঈদগা মাঠ এলাকার মো. আবু তাহেরের ছেলে। তিনি রামপুরার চিটাগাং বুল হোটেলের ম্যানেজার ছিলেন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, সকাল সাড়ে ৬টার দিকে মোটরসাইকেল আরোহী বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার পথে তেলবাহী লরি তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে লরির চাকায় মাথা পিষ্ট হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভিন্নবার্তা/এসআই