
নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সদ্য নিয়োগপ্রাপ্ত বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান। গত ৯ জানুয়ারি তিনি আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
আজ শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বিচারপতি নাজমুল আহাসানের। সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ব্যারিস্টার মোহাম্মাদ সাইফুর রহমানও এ তথ্য নিশ্চিত করেন।
আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার পর গত ৯ জানুয়ারি শপথ নেয়ার কথা ছিল এফ আর এম নাজমুল আহাসানের। এদিন তার সঙ্গে নিয়োগ পাওয়া অপর তিন বিচারপতি শপথ নেন। কিন্তু কভিডে আক্রান্ত হওয়ায় নাজমুল আহাসান শপথ নিতে পারেননি। সেদিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
নাজমুল আহাসানের মৃত্যুতে শোক ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। মৃতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান তিনি।
১৯৫৫ সালের ১৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন নাজমুল আহাসান। তিনি বিএ (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর এলএলবি পাস করেন। এরপর আইনপেশায় যোগ দেন। ১৯৮৬ সালের ১৮ মার্চ জেলা আদালতের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন নাজমুল আহাসান। ১৯৯৪ সালের ২২ জানুয়ারি হাইকোর্ট বিভাগের এবং ২০০৯ সালের ১৩ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।
বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। পরে ২০১২ সালের ১৫ এপ্রিল স্থায়ী হন। চলতি ফেব্রুয়ারির ১৪ তারিখ তার অবসর গ্রহণের দিন ছিল।
ভিন্নবার্তা ডটকম/আর