
নেত্রকোনার দুর্গাপুরের সদর ইউনিয়ন পরিষদের একটি কেন্দ্রে পুন: নির্বাচনের গণবিজ্ঞপ্তি বাতিল চেয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে ২নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনগন ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে। এর আগে এক বিক্ষোভ মিছিল ইউনিয়নের বিভিন্ন এলাকা ও পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ জানান সাধারণ গ্রামবাসীরা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগ সদস্য জাকির হোসেন,ইউনিয়ন ছাত্রলীগ আহবায়ক মাহাবুব আলম,যুবলীগ আহাবায়ক আজদাত হোসেন, যুগ্ম আহাবায়ক রফিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগ‘র যুগ্ন আহবায়ক পলাশ রাংসা, রাকিব হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন,গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত হওয়া ইউপি নির্বাচন শেষে ভোট গণনার পর দূর্গাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফারহানা শিরীন স্বাক্ষরিত ফলাফল দেয়া হয়। প্রাপ্ত ফলাফলে সদর ইউনিয়ন পরিষদের নয়টি ভোট কেন্দ্রের ভোটার সংখ্যা ১৯ হাজার ৩১৪ জন ভোট প্রয়োগ করেন ১৩ হাজার ৬৮১ জন,বাতিল হয় ৩০৮টি ভোট। বৈধ ভোট সংখ্যা হয় ১৩ হাজার ৩৭৩। তথ্য অনুযায়ী নৌকার প্রার্থী মোঃ শাহীনুর আলম ৬ হাজার ৫২৬ ভোট পান অপরদিকে আনারসের প্রার্থী মোঃ সাদেকুল ইসলাম ৬ হাজার ৮৪৭ ভোট প্রাপ্ত হন। জয়ী হয় আনারসের প্রার্থী।
১৬ দিন পর ওই ইউনিয়নের মেনকীফান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল বাতিল ঘোষনা করে মঙ্গলবার একটি গণবিজ্ঞপ্তি জারি করেন উপজেলার নির্বাচন কর্মকর্তা। এতে ভোট বাতিলের তেমন কোনো কারণ উল্লেখ না থাকলেও উপজেলা নির্বাচন অফিস সূত্রে বলছে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় বাতিল করা হয়েছে ওই ফলাফল।
একটি কেন্দ্রে পুনঃনির্বাচনের বিষয়টি সামনে আসার পর থেকেই প্রার্থীদের পাশাপাশি মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ভোটারদের মাঝে। এ নিয়ে হাট-বাজার পাড়া-মহল্লা এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনা-সমালোচনার ঝড় বইছে। উপজেলা নির্বাচন অফিসার শত শত মানুষের উপস্থিতিতে আগেই ফলাফল ঘোষনা করেছেন, এখন কেন এ ধরনের গণবিজ্ঞপ্তি জারী করা হয় ? আমরা এ ধরনের প্রহশনের সিদ্ধান্ত মানি না। নির্বাচনে হেরে গিয়ে দুর্গাপুর ইউনিয়নবাসীর সাথে এমন নয়-ছয় খেলা বাতিল করতে হবে। এ সিদ্ধান্ত বাতিল না করা হলে প্রয়োজনে কঠোর কর্মসূচী দেয়া হবে।
গত ২৮শে নভেম্বর সন্ধ্যায় সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেনকীফান্দা কেন্দ্রে ভোটগ্রহণ শেষে ফেরার পথে ছিনতাই করা হয় ব্যালট পেপার সহ বিভিন্ন নির্বাচনী জিনিসপত্র। তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়েও ছিনতাই ঠেকাতে পারেননি। তবে ছিনতাইয়ের ঘটনায় ঐদিন রাতেই দুর্গাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
পরদিন ২৯ নভেম্বর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহিনুর আলম সাজু (নৌকা),তার জামাতা রাজন, পিয়াস মিয়া সহ ২০ জনের নাম উল্লেখ করে ব্যালট পেপার ও নির্বাচনী মালামাল ছিনতাই, আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে দ্রুত বিচার আইন সংশোধনী ২০১৯ এর ৪/৫ নং ধারায় একটি মামলা দায়ের করেন ওই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মোঃ আসাদুজ্জামান। এ মামলায় পুলিশ তিনজনকে গ্রেফতার করলেও বাকি সবাই জামিনে মুক্তি পেয়েছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফারহানা শিরীনের সাথে কথা বললে তিনি জানান ঐ কেন্দ্রের ফলাফল বাতিলের চিঠি পেয়েছি কিন্তু পুনঃ নির্বাচনের কোন চিঠি পাইনি।
ভিন্নবার্তা/এমএসআই