
প্রথম নারী পুলিশ প্রধান পাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য। মর্কিন গণমাধ্যমে জানানো হয়েছে, প্রথম বারের মতো নারী পুলিশ প্রধান নিয়োগ দিয়েছে নিউইয়র্ক। দেশটির বৃহত্তম নিরাপত্তা বাহিনীর নেতৃত্ব দেবেন তিনি। এমন এক সময় এই ঘোষণা দেওয়া হলো যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর মানুষের আস্থা কমে গেছে।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, কেচান্ট সোয়েল এই পদে নিয়োগ পাওয়া তৃতীয় কৃষ্ণাঙ্গ কর্মকর্তা। সাম্প্রতিক সময়ে সহিংসতা, বর্ণবাদী আচরণ এবং কর্মকর্তাদের দুর্নীতির বেশ কিছু ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর লোকজনের আস্থা কমে গেছে। কেচান্ট সোয়েল নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের আস্থা ফিরিয়ে আনবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।
এদিকে সাবেক পুলিশ কর্মকর্তা এবং ডেমোক্রেট দলের নবনির্বাচিত মেয়রক এরিক অ্যাডামস হতে যাচ্ছেন নিউইয়র্কের দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মেয়র। তিনি আগামী ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। ক্ষমতা গ্রহণের দুই সপ্তাহ আগে পুলিশ প্রধানের এই গুরুত্বপূর্ণ নিয়োগের ঘোষণা দিলেন তিনি।
নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাতকারে অ্যাডামস বলেন, অপরাধের বিরুদ্ধে সোয়েল একজন প্রমাণিত যোদ্ধা। নিউইয়র্কবাসীর নিরাপত্তা এবং তাদের ন্যায়বিচার প্রতিষ্ঠা উভয় ক্ষেত্রেই তিনি মানসিক বুদ্ধিমত্তা প্রয়োগ করতে পারবেন।
যুক্তরাষ্ট্রের বৃহত্তম এই শহরে প্রায় ৩৬ হাজার পুলিশ কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। অপরাধ বৃদ্ধি সঙ্গে সঙ্গে করোনা সংক্রমণ বাড়তে থাকায় দেশজুড়ে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। এমন সংকটময় পরিস্থিতিতে নিউইয়র্কের নিরাপত্তা রক্ষার গুরু দায়িত্ব পালন করতে হবে ৪৯ বছর বয়সী সোয়েলকে।
পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশনের প্রধান প্যাট্রিক লিঞ্চ বলেন, আমেরিকার দ্বিতীয় কঠিন কাজে পুলিশ প্রধান সোয়েলকে স্বাগত জানাচ্ছি। নিউইয়র্ক পুলিশের সদস্য হিসেবে রাজপথে দায়িত্ব পালন করাটা সত্যিই খুব কঠিন।
বর্তমানে নিউইয়র্ক সিটির নাসাউ কাউন্টির প্রধান তদন্তকারী হিসেবে দায়িত্ব পালন করছেন সোয়েল। নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাতকারে সোয়েল বলেন, আমরা অবশ্যই সহিংস অপরাধের ওপরই বেশি নজর দেবো। সহিংস অপরাধ এক নম্বর অগ্রাধিকার পাবে বলে উল্লেখ করেন তিনি।
ভিন্নবার্তা ডটকম/এন