
গণপরিবহণে অর্ধেক ভাড়া কার্যকর করাসহ কয়েকটি দাবিতে রাজধানীর নীলক্ষেত ও শান্তিনগরে সড়কে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
সোমবার দুপুরের দিকে নীলক্ষেত ও শান্তিনগরের সড়কে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।
শান্তিনগরে রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও হাবীবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ দেখান।
বেলা ১২ টার কিছু আগে রাজধানীর নীলক্ষেত মোড়ে সড়ক আটকিয়ে বিক্ষোভ শুরু করে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের শিক্ষার্থীরা। আধঘণ্টা পর তারা সরে যায় বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া রাজধানীর শান্তিনগর মোড়ে এক ঘণ্টার বেশি সময় অবস্থান করে বিক্ষোভ করেছে কাছাকাছি এলাকার তিনটি কলেজের শিক্ষার্থীরা।
শতাধিক শিক্ষার্থী প্রথমে শান্তিনগর মোড় অবরোধ করেন। পরে তারা মিছিল নিয়ে কাকরাইল মোড় হয়ে আবার শান্তিনগর এসে অবস্থান নেন। বেলা পৌনে দুইটার দিকে তারা সড়ক থেকে সরে যান।
ভিন্নবার্তা ডটকম/এন