
ভিন্নবার্তা প্রতিবেদক: ঢাকার প্রতিটি খালের দুই পাড়ের সীমানা নির্ধারণ করে ওয়াকওয়ে নির্মাণসহ যথাযথভাবে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। তিনি বরেন, অবৈধ দখল উচ্ছেদ করে নদী, খাল ও জলাধারের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হবে।
শনিবার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বছিলা সরকারী প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে “বুড়িগঙ্গা নদী মোর্চা” এবং “ওয়াটার কীপারস বাংলাদেশ কনসোর্টিয়াম” কর্তৃক আয়োজিত বুড়িগঙ্গা নদী উৎসবে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মেয়র বলেন, সিটি কর্পোরেশন থেকে অবৈধ দখলদারদেরকে কোন বৈধ নোটিশ দেয়া হবেনা, বিনা নোটিশেই তাদেরকে উচ্ছেদ করা হবে। আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসির উদ্যোগে জনগণের সহায়তায় খাল উদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে, প্রতিটি খালের দুই পাড়ের সীমানা নির্ধারণ করে ওয়াকওয়ে নির্মাণসহ যথাযথভাবে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরিকল্পিত ঢাকাকে সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকায় রূপান্তরিত করতে হবে উল্লেখ করে মেয়র আরো বলেন, অপরিকল্পিত ঢাকার অধিকাংশ ভবনেই কার্যকর সেপটিক ট্যাংক ও সোক ওয়েল না থাকায় অপরিশোধিত পয়ঃবর্জ্য সরাসরি ড্রেন কিংবা খালে পতিত হওয়ায় জলাশয়ের পানিসহ সার্বিক পরিবেশ দূষিত হচ্ছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক ও ওয়াটার কিপারস বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিলের সঞ্চালনায় এবং বিশিষ্ট মানবাধিকার কর্মী ও বুড়িগঙ্গা নদী উৎসবের সভাপতি সুলতানা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান এবং স্থানীয় কাউন্সিলর আসিফ আহমেদ উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন