
কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সহিংসতা এড়াতে দুই চেয়ারম্যান প্রার্থীকে এক করলেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।
সোমবার সকালে সদর থানা পুলিশ ও বিট পুলিশিংয়ের উদ্যোগে কাঁঠালবাড়ী কলেজ মাঠে ইউপি চেয়ারম্যান, মেম্বার প্রার্থী, গণ্যমান্য ব্যক্তি ও ভোটারদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় দুই চেয়ারম্যান প্রার্থীকে করমর্দন করিয়ে বিরোধ মেটানোর উদ্যোগ নেয় পুলিশ বিভাগ।
এর আগে কাঁঠালবাড়ীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বেশ কয়েকটি সহিংস ঘটনা পুলিশ এসে নিয়ন্ত্রণ করে। পরবর্তীতে বড় ধরনের কোনো পরিস্থিতি এড়াতে পুলিশ সুপারের নির্দেশনায় আয়োজন করা হয় মতবিনিময় সভার।
সভায় পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল উৎপল কুমার রায়, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, নৌকা প্রতীক চেয়ারম্যান প্রার্থী রেদওয়ানুল হক দুলাল, ঘোড়া প্রতীক প্রার্থী আব্দুল হকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিজের বক্তব্যে পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা জানান, নির্বাচন সুষ্ঠু করতে সকলকে সহযোগিতা করতে হবে। আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করবো না। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে আমরা সেই পরিবেশ সৃষ্টি করতে চাই।
মতবিনিময় সভায় দুই চেয়ারম্যান প্রার্থী পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে সুষ্ঠুভাবে প্রচারণা ও নির্বাচন করবেন বলে প্রতিশ্রুতি দেন।
ভিন্নবার্তা ডটকম/আর