
হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে টাঙ্গাইল-৪ আসনের মো. হাসান ইমাম খানের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে করা রিট আবেদনটি খারিজ হয়েছে।
বুধবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।
এর আগে টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান বাদী হয়ে এ রিট দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
রিট আবেদনে জানানো হয়, এর আগে স্থানীয় বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান হলফনামায় এমপি হাসান ইমাম খানের শিক্ষাগত যোগ্যতায় গরমিল আছে উল্লেখ করে গত ২৫ জুলাই স্পিকার বরাবরে চিঠি দেন। ওই আবেদনে বিতর্কের বিষয়টি নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনে পাঠানোর অনুরোধ করেছেন। কিন্তু সে চিঠি নিষ্পত্তি না হওয়ায় প্রতিকার চেয়ে তিনি হাইকোর্টে রিট করেন।
হাসান ইমাম খান টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য। এ আসনের সাবেক সদস্য আবদুল লতিফ সিদ্দিকী হজ ও তবলিগ জামাত নিয়ে কটূক্তি করায় ২০১৪ সালে মন্ত্রিসভা থেকে অপসারিত হন এবং দল থেকে বহিষ্কৃত হন। তিনি সংসদ থেকে পদত্যাগ করার পর উপনির্বাচনে হাসান ইমাম খান নির্বাচিত হন। পরে ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনেও দলীয় মনোনয়ন পেয়ে দ্বিতীয়বারের মতো তিনি নির্বাচিত হন।
ভিন্নবার্তা ডটকম/এন