
রাজধানীর গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরী মণি হাজিরা দিতে আগামীকাল সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে যাবেন।
আজ রোববার পরী মণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন, পরী মণি আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিতে যাবেন। সেই আদালতে পরী মণির মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণবিষয়ক শুনানির দিন নির্ধারণ করা হবে।
এর আগে গত ৪ অক্টোবর বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে পরী মণি ছাড়া আরও দুজনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন পরী মণির সহকারী আশরাফুল ইসলাম দীপু ও কবির চৌধুরী।
এর আগে গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে রাজধানী বনানীর বাসা থেকে পরী মণি ও তাঁর সহকারী দীপুকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় পরী মণির বাসা থেকে বিভিন্ন মাদক জব্দ করা হয়। পরদিন ৫ আগস্ট র্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরী মণি ও তাঁর সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।
তিন দফা রিমান্ড শেষে গত ৩১ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ পরী মণির জামিন মঞ্জুর করেন। এর পরের দিন তিনি জামিনে মুক্তি পান।
ভিন্নবার্তা ডটকম/এন