
ইন্দোনেশিয়া সফররত বাংলাদেশের শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে দেশটির শিল্পমন্ত্রী আগুস গুমিওয়াং কার্তাসস্মিতার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউএনআইডিও) সহযোগিতায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শিল্প উন্নয়নের ওপর দ্বিতীয় আঞ্চলিক সম্মেলন শুরুর প্রাক্কালে বুধবার (১০ নভেম্বর) সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে শিগগির দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) সইয়ের ব্যাপারে উভয়পক্ষ একমত পোষণ করেন। এছাড়া ব্লু ইকোনমি, কারিগরি দক্ষতা এবং হালাল শিল্প বিষয়ে সমঝোতা স্মারক সইয়ের ব্যাপারেও উভয়পক্ষ সম্মত হন। এ লক্ষ্যে কিছু দিনের মধ্যেই ইন্দোনেশিয়ার শিল্পমন্ত্রী তাদের বাণিজ্যমন্ত্রী এবং ব্যবসায়িক প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশ সফর করবেন।
বৈঠকে ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, শিল্পমন্ত্রীর একান্ত সচিব (যুগ্মসচিব) মো. আব্দুল ওয়াহেদ এবং শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (নীতি) মো. সলিম উল্লাহ উপস্থিত ছিলেন।
১০-১১ নভেম্বর অনুষ্ঠেয় শিল্প উন্নয়নের ওপর দ্বিতীয় আঞ্চলিক সম্মেলনেঅংশ নিতে গত ৯ নভেম্বর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা পৌঁছান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। আগামী ১২ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন