
দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ।
রোববার (৭ নভেম্বর) দুপুর ১২টা থেকে পুনঃনিরীক্ষার আবদেন শুরু হয়েছে। এ প্রক্রিয়া চলবে বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
গুচ্ছভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, সমন্বিত ভর্তি সংক্রান্ত অফিসিয়াল লিংকের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।
ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে শিক্ষার্থীদের দিতে হবে দুই হাজার টাকা। তবে ফল পরিবর্তন হলে আবেদনকারী টাকা ফেরত পাবেন। পুনঃনিরীক্ষিত ফল আবেদনকারীর মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে।
গুচ্ছ পদ্ধতিতে সমন্বিত ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল ২০ অক্টোবর, ‘বি’ ইউনিটের ফল ২৬ অক্টোবর এবং ‘সি’ ইউনিটের ফল ৪ নভেম্বর প্রকাশ করা হয়। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নানা অসঙ্গতির অভিযোগ তুলেছেন।
ভিন্নবার্তা ডটকম/এন