
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরো চারজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তাঁরা।
চারজনের সবাই মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে। তাঁদের দুইজন রাজশাহীর, একজন চাঁপাইনবাবগঞ্জের এবং পাবনার একজন। তাঁদের তিনজন পুরুষ ও একজন নারী। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ বুধবার (২০ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য জানিয়েছেন।
শামীম ইয়াজদানী আরো জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন। রামেকের করোনা ইউনিটে সন্দেহভাজন রোগীর সংখ্যা ৪২ জন, করোনা আক্রান্ত ১১ জন ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৯ জন।
রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৫৩টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন সাতজন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ