
সারাদেশে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় সংগঠনের নেতারা দাবি করেন- সারাদেশে শিক্ষকদের শারীরিকসহ বিভিন্নভাবে লাঞ্ছিত ও সামাজিকভাবে হেয় করা হচ্ছে। ছোটখাটো ঘটনায় একতরফা তদন্ত করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে শিক্ষকদের সাময়িক বরখাস্ত করা হচ্ছে, যা কোনোভাবেই বিধিসম্মত নয়। আমরা এই অবস্থার অবসান চাই।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের অসদাচরণের জন্য পাঁচ ধরনের শাস্তির বিধান আছে জানিয়ে সমাবেশে শিক্ষকরা বলেন, ‘কিন্তু অপরাধ যাই হোক সর্বোচ্চ শাস্তি বরখাস্তই করা হয়ে থাকে। বাকি চার ধরনের শাস্তি দিতে দেখা যায় না। কারণ বরখাস্ত করার শাস্তি মূলত স্কুল কমিটির পূর্বনির্ধারিত। আমরা এগুলো এতদিন আইনিভাবে মোকাবিলা করেছি। কিন্ত এখন যে শিক্ষক নির্যাতন হচ্ছে তা মেনে নেওয়া যায় না। কেউ নিজের হাতে আইন তুলে নিতে পারে না।
এসময় বগুড়ার নন্দীগ্রাম, কক্সবাজারের টেকনাফ, ব্রাক্ষণবাড়িয়ায় নবীনগরসহ আরও বেশি কিছু জায়গায় শিক্ষকদের লাঞ্চনা ও হয়রানির ঘটনা উল্লেখ করে দোষীদের শাস্তির দাবি জানানো হয়।
বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের নেতারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য একটি মহল সুদূরপ্রসারী পরিকল্পনায় নেমেছে। এসব ঘটনা শিক্ষাক্ষেত্রে বর্তমান শিক্ষাবান্ধব সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে ম্লান করে দিচ্ছে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের সহ-সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক দুলাল চন্দ্র চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ শফীউদ্দীন প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/এন