
ইউরোপ-আমেরিকারসহ বিভিন্ন দেশের মতো ই-সিগারেট নিয়ন্ত্রণের জন্য নীতিমালা প্রণয়ন করা কিংবা বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের মাধ্যমে ই-সিগারেট নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে এলায়েন্স ফর এফসিটিসি ইমপ্লিমেন্টেশেন বাংলাদেশ (এএফআইবি)।
মঙ্গলবার জাতীয় তামাকমুক্ত সপ্তাহ-২০২১ উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধন কর্মসূচিতে এই দাবি জানানো হয়।
এতে বলা হয়, দেশে ই-সিগারেটের প্রচলন ক্রমেই বেড়ে চলেছে। উন্নত দেশের ন্যায় বাংলাদেশে এখনো এর নিয়ন্ত্রণের কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে অবৈধভাবে বাংলাদেশে ব্যাপকভাবে বাজারজাত হচ্ছে। প্রচলিত সিগারেটের চেয়ে এর ক্ষতিকর প্রভাব কম বলা হলেও এখনই এর ব্যবহার নিয়ন্ত্রণ করা জরুরি। নিয়ন্ত্রণের পদক্ষেপ গ্রহণ করা না হলে ই-সিগারেটের সঙ্গে নেশাজাতীয় অন্যান্য ক্ষতিকর দ্রব্যাদি সম্পৃক্ত করে আরও বিপজ্জনক করার সম্ভাবনা রয়েছে।
মানববন্ধন কর্মসূচিতে ই-সিগারেট নিয়ন্ত্রণে এছাড়াও আরও চার দফা দাবি জানানো হয়। এগুলো হচ্ছে- ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত দেশ গড়তে ই-সিগারেট নিয়ন্ত্রণ করা। উচ্চহারে শুল্ক কর বৃদ্ধির মাধ্যমে ই-সিগারেট আমদানি বা উৎপাদন নিরুৎসাহিত করা। অবৈধ্য পথে বা চোরাচালানের মাধ্যমে ই-সিগারেট আমদানি বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদান এবং নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে ই-সিগারেটের অবৈধ বাজারজাতকরণ কার্যক্রম বন্ধ করা।
ভিন্নবার্তা ডটকম/এন