
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বাংলাদেশে অতীতের ন্যায় এখনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সোমবার (১১ অক্টোবর) দুপুরে জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক শুভেচ্ছাবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি প্রতিটি মণ্ডপের পূজারীদের কাছে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
জৈন্তাপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি নিপেন্দ্র কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দাস প্রমুখ।
পরে মন্ত্রী উপজেলার প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন।
ভিন্নবার্তা ডটকম/এন