
নাগরিক ঐক্য দেশে সরকার গঠন করলে ‘শিক্ষাকে সর্বজনীন’ করা হবে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেছেন, ‘আমার দল ক্ষমতায় যাবে কি না, তা জানি না। তবে এ সরকার বেশিদিন থাকবে না। আমি ক্ষমতায় গেলে শিক্ষাকে সর্বজনীন করবো। শিক্ষা সর্বজনীন বলতে, শিক্ষক-শিক্ষার্থী এবং শিক্ষার সবকিছুর দায়িত্ব রাষ্ট্র নেবে।’
মঙ্গলবার (৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘বাংলাদেশ শিক্ষক সমিতি’ আয়োজিত শিক্ষক প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
শিক্ষকদের উদ্দেশে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমি বিশ্বাস করি, এ দেশ যদি কেউ বদলাতে পারে, তা পারেন আপনারা। শুধু শিক্ষকরা মিলেই এ দেশ বদলাতে পারবেন।’
তিনি বলেন, ‘আপনারা শিক্ষা জাতীয়করণের জন্য বলছেন, কই সরকার তো দায়িত্ব নিচ্ছে না। তারা নেবে না কেন? ইউনিসেফ, জাতিসংঘসহ সব সংস্থা বলছে, জিডিপির অন্তত ৬ শতাংশ শিক্ষাখাতে ব্যয় করা হোক। আমাদের এখানে কত টাকা বরাদ্দ দেওয়া হয়? ওয়ান পার্সেন্ট? এ বাজেটের ২ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ করা হয়েছে। আমাদের ছয় লাখ কোটি টাকার বাজেট, এটা তো নিজেরাই উপার্জন করতে পারি।’
মান্না আরও বলেন, ‘আমরা সেই শিক্ষাব্যবস্থার কথা বলতে চাই, যা কর্মসংস্থানের ব্যবস্থা করবে, মানোন্নয়ন করবে; জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারবে। শিক্ষকরা যদি সব সুযোগ-সুবিধা পান, গবেষণার মাধ্যমে দেশ বদলে দিতে পারবেন।’
সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, সাংবাদিক শওকত মাহমুদ, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/এন